# উজ্জ্বল কুমার সরকার :-
কিশোরগঞ্জের হোসেনপুরে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে রাফি (১৫) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। ১২ জুলাই রোববার বিকেলে পৌর শহরের উপজেলা কোয়ার্টারের সামনে এ ঘটনা ঘটে। আহত রাফি হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী। তাঁর বাড়ি পাশের নান্দাইল উপজেলায়।
আহত শিক্ষার্থী জানান, বাড়ি দূরে হওয়ায় একদল কিশোর গ্যাং সদস্য প্রায়ই তাঁর কাছে টাকা দাবি করত। রোববার অর্ধবার্ষিক পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে তারা তাঁর কাছে ২০ টাকা চায়। টাকা দিতে না পারলে তাদের একজন ধারালো অস্ত্র দিয়ে তাঁর পেট ও হাতে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
হোসেনপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তানভীর হাসান জিকো বলেন, আহত শিক্ষার্থীর পেটে গভীর ক্ষত ছিল। হাসপাতালে আনার পর তাঁর পেটে একাধিক সেলাই দেওয়া হয়েছে। বর্তমানে তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হোসেনপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
হোসেনপুরে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে স্কুলছাত্র আহত
105 views
