# সাখাওয়াত হোসেন হৃদয় :-
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গরুর পচা মাংস বিক্রি করার অপরাধে বিজয় নামের এক ব্যবসায়ীকে এক মাসের জেল ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ১১৫ কেজি পচা মাংস জব্দ করে মাটি চাপা দেওয়া হয়। আজ ৭ এপ্রিল মঙ্গলবার বিকেলে পৌরসদরের সৈয়দগাঁও চৌরাস্তা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই ব্যবসায়ীকে এসব দণ্ডাদেশ দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান ভ্রাম্যমাণ আদালতের বিচারক হিসেবে এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত বিজয় উপজেলার সৈয়দগাঁও গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের সাহাব উদ্দিনের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পৌর সদরের সৈয়দগাও চৌরাস্তায় বিজয় গোস্ত বিতানে গরুর পচা মাংস বিক্রি হচ্ছিল। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পেয়ে ব্যবসায়ী বিজয়কে এক মাসের জেল ও ২০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় তাঁর দোকান থেকে পচা মাংস জব্দ করে মাটি চাপা দেওয়া হয়।
এসময় উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আলী আকবর ও ভেটেরিনারি সার্জন ডা.তামান্না দিলশাদ রিমি এবং পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম হোসাইনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক রিফাত জাহান বলেন, ‘পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ওই ব্যবসায়ীকে এক মাসের জেল ও বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া জব্দকৃত পচা মাংস মাটি চাপা দেওয়া হয়েছে।
পাকুন্দিয়ায় গরুর পচা মাংস বিক্রি, ব্যবসায়ীর জেল-জরিমানা
202 views
