মিঠামইনে দুর্নীতির অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হারুনুর রশিদকে অব্যাহতি

65 views

# মোক্তার হোসেন গোলাপ :-
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঘাগড়া আব্দুর গনি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হারুন অর রশিদকে প্রশাসনিক দুর্নীতি, অনিয়ম ও বিদ্যালয়ে নিয়মিত অনুপস্থিত থাকার অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলামের স্বাক্ষরিত এক আদেশে গত ১৯ আগস্ট এই সিদ্ধান্ত জানানো হয়। তদন্তে অভিযোগগুলোর সত্যতা মেলায় তাকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।
আদেশপত্রে আগামী তিন কার্যদিবসের মধ্যে বিদ্যালয়ের সকল দায়-দায়িত্ব সদ্য দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অজিত চন্দ্র বিশ্বাসের কাছে বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয় অভিভাবক ও শিক্ষকরা জানান, দীর্ঘদিন ধরেই বিদ্যালয়ের প্রশাসনিক কাজে স্বচ্ছতার অভাব এবং প্রধান শিক্ষকের অনিয়মিত উপস্থিতি নিয়ে অভিযোগ ছিল। এ বিষয়ে তদন্ত কমিটি গঠনের পর প্রমাণ পাওয়ায় উপজেলা প্রশাসন দ্রুত ব্যবস্থা নেয়।
নতুন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অজিতচন্দ্র বিশ্বাস দায়িত্ব বুঝে পেয়ে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও স্বচ্ছতা ফেরানোর প্রত্যয় ব্যক্ত করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি বরদাশত করা হবে না। তদন্তে দোষী প্রমাণিত হওয়ায় প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষ আগামীতে নিয়মিত ক্লাস ও প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক রাখার আশ্বাস দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *