# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে খবর রটেছে নদী ভাসছে অজ্ঞাত লাশ। এমন সংবাদে পুলিশ পৌর শহরের কালিপুর ও চণ্ডিবের সংযোগ সেতুর নিচে খালে গিয়ে অভিযান চালিয়ে দুই ঘণ্টা পর উদ্ধার করলেন বস্তা ভর্তি ময়লা। ১১ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অভিযান শেষে এমন তথ্য পাওয়া যায়। ঘটনাটি গুজব ছিল বলে তথ্য নিশ্চিত করেছেন ভৈরব থানার এসআই রাকিব বিন ইসলাম।
স্থানীয়দের ও থানা পুলিশ সূত্রে জানা যায়, সকালে স্থানীয়রা পৌর শহরের কালিপুর ও চণ্ডিবের সংযোগ সেতু সড়কে রাস্তায় রক্ত দেখে সংবাদ ছড়ায় কাউকে হত্যা করা হয়েছে। এমন একটি খবর পাওয়ার পর সেতুর নিচে খালে দুই তিনটি বস্তায় ভাসছে দেখে মানুষ বলতে শুরু করে মরদেহ ভাসছে। বস্তাগুলোর মধ্যেই মরদেহ রয়েছে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ সকাল ১০টায় ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় উৎসুক জনতার ভিড়। পরে নদী ফায়ার স্টেশন টিমকে খবর দিলে তারা ডুবুরিসহ এসে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে দুইটি ময়লার বস্তা উদ্ধার করে।
এ বিষয়ে নদী ফায়ার স্টেশন টিম লিডার তোফাজ্জল হোসেন বলেন, দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে কয়েকটি ময়লা বস্তা উদ্ধার করেছি। মরদেহের বিষয়টি মিথ্যা মনে হচ্ছে।
এ বিষয়ে এসআই রাকিব বিন ইসলাম বলেন, যতটুকু জেনেছি রাতে সড়কে একটি শিয়ালকে মেরে ফেলেছে স্থানীয়রা। সেই রক্ত রাস্তায় পড়ে আছে। বিষয়টি নিয়ে এলাকায় গুজব সৃষ্টি হয় মরদেহ নদীতে বস্তা বন্দি করে ফেলে দেয়া হয়েছে। উৎসুক জনতার মিথ্যাচার আর পরিস্থিতি স্বাভাবিক করতে ডুবুরি দিয়ে অভিযান চালিয়ে ময়লা বস্তা উদ্ধার করা হয়েছে। বিষয়ে সম্পূর্ণ ভিত্তিহীন ছিল বলে তিনি দাবি করেছে।
লাশ ভাসছে সংবাদে পুলিশ খালে গিয়ে দুই ঘণ্টা পর উদ্ধার করলেন বস্তা ভর্তি ময়লা
112 views
