সালুয়ায় নতুন রাস্তার উন্নয়ন কাজ উদ্বোধন করলেন ইউপি চেয়ারম্যান মোহাম্মদ কাইয়ুম

267 views

# মো. নাঈমুজ্জামান নাঈম :-
কুলিয়ারচর উপজেলার সালুয়া ইউনিয়নে নতুন রাস্তার উন্নয়ন কাজ শুভ উদ্বোধন করেছেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ কাইয়ুম। ১৭ সেপ্টেম্বর বুধবার দুপুরে কান্দুলিয়া গ্রামের ডিসি সড়ক থেকে শশী মোদকের বাড়ি পর্যন্ত কাবিখা প্রকল্পের আওতায় ইটের সলিং রাস্তার উন্নয়ন কাজ উদ্বোধন করা হয়। এ রাস্তা চালু হলে গ্রামীণ জনসাধারণের চলাচলে সুবিধা সৃষ্টি হবে এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজেও গতি আসবে।
এ সময় স্থানীয় ইউপি সদস্য মো. মাসুম, ইউপি সদস্য মীর মো. সৈয়দ আলী,
৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান, কালী বাড়ি মন্দিরের সাধারণ সম্পাদক জুয়েল সরকার, নিরঞ্জন সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
স্থানীয় ইউপি সদস্য মো. মাসুম মিয়া জানান, এ রাস্তার উন্নয়ন কাজের মাধ্যমে
দীর্ঘ ৩০ বছরের স্বপ্ন পূরণ করতে সফল হয়েছি। শারদীয় দুর্গাপূজা সামনে রেখে কান্দুলিয়া কালী বাড়ি মন্দিরের পাশ দিয়ে যাওয়া এ রাস্তার উন্নয়ন কাজে সনাতন ধর্মাবলম্বীসহ সাধারণ মানুষজন অনেক খুশি হয়েছে বলেও জানান তিনি।
‎‎এ সময় চেয়ারম্যান মোহাম্মদ কাইয়ুম বলেন, এই রাস্তা নির্মাণের মাধ্যমে কান্দুলিয়া গ্রামের মানুষ দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পাবে। তিনি বলেন, স্থানীয় ইউপি সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতায় বিভিন্ন বাঁধা বিপত্তি অতিক্রম করেই এ রাস্তার উন্নয়ন কাজ শুরু করা হয়েছে। তিনি আরো বলেন, এরই ধারাবাহিকতায় সালুয়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের সাধারণ মানুষজনের কষ্ট দূর করতে চলাচলের জন্য এ উন্নয়নমূলক কাজের ধারা অব্যাহত থাকবে।
‎‎স্থানীয় বাসিন্দারা রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধনে ইউপি চেয়ারম্যান ও সদস্যের প্রশংসা করে আনন্দ প্রকাশ করেন এবং এ ধরনের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।