কটিয়াদীতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদক ও অপরাধ দমনে জিরো টলারেন্সের ঘোষণা

32 views

# মাহবুবুর রহমান :-
কিশোরগঞ্জের কটিয়াদীতে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠন এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদক, চুরি-ছিনতাইসহ সব ধরনের অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণের ঘোষণা দেওয়া হয়। ৩০ জুলাই বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আফরোজ মারলিজ।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে চুরি, ছিনতাই ও অন্যান্য অপরাধ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় কঠোর অবস্থান গ্রহণ এবং প্রশাসন, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগে অপরাধ দমনের আহ্বান জানানো হয়।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা, কটিয়াদী মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী ইসরাইল মিয়া, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মুরছালিন দারাশিকো, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল আলম রফিক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় আগামী ১৬ আগস্ট প্রধানমন্ত্রীর সম্ভাব্য কটিয়াদী সফরকে সামনে রেখে প্রয়োজনীয় প্রশাসনিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের বিষয়েও আলোচনা হয়। সফরকে সুষ্ঠু, শৃঙ্খলাবদ্ধ ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব দপ্তরের কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশনা দেওয়া হয়।
সভাপতির বক্তব্যে ইউএনও শামীমা আফরোজ মারলিজ বলেন, শান্তিপূর্ণ, নিরাপদ ও অপরাধমুক্ত উপজেলা গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
তিনি উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করার পাশাপাশি সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *