# মাহবুবুর রহমান :-
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়ন বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চলমান অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৯ জুলাই বুধবার দুপুরে আচমিতা ইউনিয়ন বিএনপি ও যুবদলের উদ্যোগে আচমিতা ইউনিয়ন যুবদলের কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে স্থানীয় বিএনপি, যুবদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, আচমিতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নান, ইউনিয়ন যুবদলের সভাপতি মো. তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম রুবেল, কটিয়াদী উপজেলা তাঁতীদলের আহ্বায়ক আব্দুর রাশিদ, উপজেলা যুবদলের সদস্য আল ফয়সাল আকন্দ এবং আচমিতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ মোড়ল।
বক্তারা অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাদের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা করছে। তারা এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এ সময় বক্তারা বলেন, অপপ্রচারের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি এবং রাজনৈতিকভাবে তাদের হেয় করার চেষ্টা করা হচ্ছে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান এবং জনগণকে গুজব ও বিভ্রান্তিকর তথ্য থেকে সতর্ক থাকার আহ্বান জানান।
সংবাদ সম্মেলন শেষে নেতৃবৃন্দ জানান, সত্য ও বাস্তব তথ্যের ভিত্তিতে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করাই তাদের লক্ষ। ভবিষ্যতেও কোনো ধরনের অপপ্রচার বা ষড়যন্ত্রের বিরুদ্ধে আইনগত ও সাংগঠনিকভাবে মোকাবিলা করা হবে বলেও তারা উল্লেখ করেন।

