ভৈরবে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে ৫ সহস্রাধিক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

33 views

# নিজস্ব প্রতিবেদক :-
“সবুজে সাজাই বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে ভৈরবে প্রকৃতি ও জীবন ক্লাব এর উদ্যোগে ৫ সহস্রাধিক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ২০ জুলাই সোমবার ভৈরবের ঐতিহ্যবাহী আলফাজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।
প্রকৃতি ও জীবন ক্লাব ভৈরবের আহ্বায়ক ও হাজী আসমত কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ.কে.এম মোবারক আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন এবং বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.এইচ.এম আজিমুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার ছিদ্দিকুর রহমান, ভৈরব পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র হাজী মো. শাহীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. কামাল উদ্দিন, রফিকুল ইসলাম মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শহীদুল্লাহ, গজারিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নবী হোসেন সেন্টু, নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কার্যকরী সদস্য মো. আলাল উদ্দিন, আলফাজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. হারিছুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিসেস ফাহমিদা রফিক, প্রকৃতি ও জীবন ক্লাব ভৈরবের প্রধান পৃষ্ঠপোষক মাসুদুর রহমান এবং প্রকৃতি ও জীবন ক্লাব ভৈরবের যুগ্ম-আহ্বায়ক ও পৌর কাউন্সিলর মাহিন সিদ্দিকী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, প্রকৃতি ও জীবন ক্লাব ভৈরবের প্রধান সমন্বয়কারী সাংবাদিক মেহেদী হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সংগঠনের যুগ্ম-সদস্য সচিব ও শ্রেষ্ঠ সড়কযোদ্ধা প্রভাষক ইমরান হোসাইন।
এ সময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে গজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণেও বিভিন্ন প্রজাতির বেশ কয়েকটি বৃক্ষরোপণ করা হয়।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। তাঁরা সকলকে অন্তত একটি করে গাছ লাগানো এবং সেগুলোর যথাযথ পরিচর্যার আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তারা প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, ইমপ্রেস গ্রুপের পরিচালক, স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবুর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা বলেন, তিনি দীর্ঘদিন ধরে দেশব্যাপী পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ এবং বিভিন্ন মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। ভৈরবেও তাঁর উদ্যোগে ইতিপূর্বে একাধিক পরিবেশবান্ধব ও জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়িত হয়েছে, যা স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *