# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর (৫৭) হত্যার ঘটনায় পাঁচ ব্যক্তির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। এরা হলেন, ঢাকা থেকে আনা তিন ভাড়াটে খুনি বরগুনা জেলার বামনা উপজেলার চালিতাবুনিয়া গ্রামের মো. হেলাল (২৫), লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার দুধরাজপুর গ্রামের মো. মহিন উদ্দিন (৩৩), একই উপজেলার মধ্যপাড়া গ্রামের মো. শাহিন আলম শাকিল (২৭) এবং ঘাগড়া গ্রামের জাকির হোসেন ও মিঠামইন কাজীপাড়ার আব্দুর রউফ।
১৯ জুলাই রোববার কিশোরগঞ্জের ৪নং আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম লুৎফুন্নাহারের কাছে মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ মামলার তদন্ত কর্মকর্তা মনোয়ার মোহাম্মদ সাত দিনের রিমান্ড চাইলে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। ওসি মনোয়ার মোহাম্মদ ও আদালত পরিদর্শক সামছুল আলম সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন।
আসামী হেলাল, মহিন উদ্দিন ও শাহিন আলম সাকিল সরাসরি হত্যাকাণ্ডে অংশ নিয়েছিলেন। আর জাকির হোসেন খুনিদের পালানোর জন্য স্পীডবোট ভাড়া করে দিয়েছিলেন। আব্দুর রউফ ছিলেন ওই স্পিডবোটের চালক। তিন খুনিকে ১৫ জুলাই জাহাঙ্গীর হত্যার রাতেই আটক করা হয়। আর জাকির হোসেন ও আব্দুর রউফকে পরদিন ১৬ জুলাই আটক করা হয়েছিল।
নিহতের স্ত্রী তাসলিমা আক্তার চৌধুরী শুক্রবার রাতে মিঠামইন থানায় তিন খুনি হেলাল, মহিন উদ্দিন ও শাহিন আলম সাকিলকে আসামি করে আরও অজ্ঞাত পরিচয় ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন।
উল্লেখ্য, তিন ভাড়াটে খুনি হেলাল, মহিন উদ্দিন ও শাকিল ১৫ জুলাই রাত সাড়ে ৯টার দিকে মিঠামইনের বাড়ির সামনে জাহাঙ্গীরকে চাপাতি দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করেন। এসময় তাঁকে বাঁচাতে গিয়ে সঙ্গী হাদিস মিয়াও (৩৮) আহত হন। তাদেরকে রাত সাড়ে ১১টার দিকে জেলা সদরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর চিকিৎসক জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন। আর হাদিস মিয়াকে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
মিঠামইন বিএনপির সভাপতি জাহাঙ্গীর হত্যায় ৫ ব্যক্তির ৫ দিনের রিমান্ড মঞ্জুর
46 views
