বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে কিশোরগঞ্জে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

29 views

# নিজস্ব প্রতিবেদক :-
“পরিকল্পিত পরিবার, সমৃদ্ধ বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে কিশোরগঞ্জে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১২ জুলাই রোববার জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে সিভিল সার্জনের কার্যালয়ের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা. মো. নাজমুল করিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক খন্দকার মাহবুবুর রহমান।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, একটি সুস্থ, সচেতন ও সমৃদ্ধ জাতি গঠনে দুইটি সন্তানই যথেষ্ট এ বার্তা সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে হবে। তিনি কর্মমুখী শিক্ষার ওপর গুরুত্বারোপ করে বলেন, দক্ষ মানবসম্পদ গড়ে তোলার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং তরুণদের উন্নয়নে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। পরিকল্পিত পরিবার, শিক্ষিত ও দক্ষ জনগোষ্ঠী এবং কর্মসংস্থানের সমন্বয়েই টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।
অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদান রাখায় বিভিন্ন ক্যাটাগরিতে ১৪ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধির হাতে সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।
এ সময় জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, পরিবার পরিকল্পনা বিভাগ এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *