মেথিকান্দা রেলওয়ে স্টেশনের পরিচ্ছন্নতা কর্মী বাক প্রতিবন্ধী ববি বেগম হত্যার ঘটনায় ৫ জন গ্রেপ্তার

61 views

# মিলাদ হোসেন অপু :-
নরসিংদীর রায়পুরার মেথিকান্দা রেলওয়ে স্টেশনের পরিচ্ছন্নতা কর্মী বাক প্রতিবন্ধী ববি বেগম হত্যার ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে থানা পুলিশ। এ সময় সহায়তায় ছিলেন, রেলওয়ে ডিবি পুলিশ ও নরসিংদী র‌্যাব-১১ ক্যাম্পের সদস্যরা। ৯ ও ১০ জুলাই ভোর পর্যন্ত ঢাকা, নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়ার জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন, ভৈরব রেলওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, সাকিব মিয়া (২০), ইলিয়াস হোসেন (৩৫), বিল্লাল মিয়া (২৫), দ্বীন ইসলাম (২৬) ও রিফাত মিয়া (২০)।
রেলওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, ৪ জুলাই শনিবার রাত দুইটার নরসিংদীর রায়পুরার মেথিকান্দা রেলওয়ে স্টেশনের পরিত্যক্ত একটি কক্ষে ঘুমিয়ে থাকা অবস্থায় বাক প্রতিবন্ধী ববি বেগমকে মারধর করে দুর্বৃত্তরা। এসময় ববি বেগমের কাছে থাকা তাঁর দীর্ঘদিনের জমানো টাকা ছিনিয়ে নিয়ে যায় একদল দুর্বৃত্ত। ওই ঘটনায় দুর্বৃত্তদের হামলায় ববি বেগম গুরুতর আহত হয়। তাঁর চোখ-মুখ ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগলে তাকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা দেয়া হয়। হাসপাতালে থাকতে ববি বেগম অস্বস্তিবোধ করায় তাকে স্টেশনে তাঁর পরিত্যক্ত কক্ষে রাখা হয়।
৮ জুলাই রাতে আবারও ববি বেগম অসুস্থ হলে তাকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে রাত সোয়া একটায় স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ববি বেগমকে নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করলে পথিমধ্যে তিনি মৃত্যু বরণ করেন।
এ দিকে পরিচ্ছন্ন কর্মীকে মারধরের ঘটনায় ৭ জুলাই মেথিকান্দা রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার শাহীন মিয়া বাদী হয়ে ভৈরব রেলওয়ে থানায় অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করেন। বিষয়টি নিয়ে সারাদেশে আলোচনা ও সমালোচনাসহ চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা এই ঘটনার তীব্র নিন্দা জানান সোশ্যাল মিডিয়ায়।
আরো জানা যায়, নরসিংদীর রায়পুরার মেথিকান্দা রেলওয়ে স্টেশনে টানা ২৫ বছর যাবত পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করেছেন বাক প্রতিবন্ধী ববি বেগম। ৮ জুলাই ময়নাতদন্ত শেষে রাত ৯টায় স্টেশন-সংলগ্ন এলাকায় ববি বেগমের দাফন সম্পন্ন করা হয়। জানাজায় রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রানা, রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান, ভৈরব রেলওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ আহমেদসহ পুলিশের সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
ভৈরব রেলওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ বলেন, ঘটনার পর আমি মেথিকান্দা রেলওয়ে স্টেশন এলাকায় পরিদর্শন করে ববি বেগমের সাথে দেখা করি। ওই সময় ববি বেগমকে আর্থিক সহায়তাও দেয়া হয়েছে। পরে ৭ জুলাই স্টেশনের সহকারী স্টেশন মাস্টার বাদী হয়ে মামলা দায়ের করেন। ৮ তারিখে রাতে ববি বেগম আবারও অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেয়ার পথিমধ্যে তিনি মারা যায়। ঘটনায় ৯ ও ১০ জুলাই বিশেষ অভিযান পরিচালনা করে রেলওয়ে ডিবি পুলিশ ও নরসিংদী র‌্যাব-১১ ক্যাম্প এর সহায়তায় ঢাকা, নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৫ জনকে গ্রেপ্তার করি। প্রাথমিক তদন্তে ঘটনার সাথে আটককৃতদের সম্পৃক্ততা পাওয়া গেছে। ১০ জুলাই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *