# মোক্তার হোসেন গোলাপ :-
অতি বৃষ্টি আর অসাধু মৎস্য চাষীদের পাইপের কারণে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার একটি গুরুত্বপূর্ণ সড়ক এখন কার্যত ব্রিজে রূপ নিয়েছে। সড়কের নিচের মাটি সরে যাওয়ায় যেকোনো মুহূর্তে পুরো রাস্তাটি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
উপজেলার ঘাগড়া খলাপাড়ার গোদর গোস্বামীর আখতার পাশের রাস্তাটির বর্তমান চিত্র দেখলে আতঙ্কিত হতে হয়। একদিকে নদী, অন্যদিকে পুকুর। গত দুই দিনের টানা বৃষ্টিতে পুকুরে জমে থাকা পানি রাস্তার নিচ দিয়ে প্রবেশ করে মাটি ধুয়ে নিয়ে গেছে। ফলে খলাপাড়ার গোস্বামী আখরা থেকে ইউনিয়ন পর্যন্ত বিস্তৃত এ সড়কটি এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
স্থানীয়দের অভিযোগ, গত বছর মাছ চাষের পুকুর থেকে পানি নিষ্কাশনের জন্য রাস্তার নিচ দিয়ে অবৈধভাবে পাইপ বসানো হয়। সেই পাইপ দিয়েই ভেতরের বালু সরে গিয়ে ধীরে ধীরে সড়কের ভিত্তি দুর্বল হয়ে পড়ে। এখন সামান্য চাপেই তা ধসে যাচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, ধসে যাওয়া ভাঙা অংশের ওপর দিয়েই মারাত্মক ঝুঁকি নিয়ে অটোরিকশা, ভ্যান ও সাধারণ মানুষ চলাচল করছে। চালক ও পথচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় বাসিন্দারা বলেন, এটা শুধু রাস্তা না, আমাদের পেটের ভাত। এই রাস্তা দিয়েই আমরা বাজারে যাই, ফসল আনি। রাস্তা ভেঙে গেলে হাজার হাজার মানুষ পঙ্গু হয়ে যাব।
আরেক বাসিন্দা জানান, কিছু অসাধু ব্যক্তিদের স্বার্থের কারণেই এই বিপর্যয় আরও ত্বরান্বিত হয়েছে। তারা নিজেদের লাভের জন্য রাস্তার ক্ষতি করছে অথচ প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না।
সড়কটি মিঠামইনের ওই অঞ্চলের বহু পরিবারের উপার্জনের একমাত্র অবলম্বন। যোগাযোগ বিচ্ছিন্ন হলে স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক ও ব্যবসায়ীরা চরম দুর্ভোগে পড়বেন বলে আশঙ্কা করা হচ্ছে।
এ বিষয়ে স্থানীয়রা উপজেলা প্রশাসনের কাছে অতি দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে রাস্তাটি রক্ষার জোর দাবি জানিয়েছেন। তারা অবিলম্বে ঝুঁকিপূর্ণ অংশ মেরামত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও অনুরোধ করেন।

