# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে একটি ছাতার গোডাউনে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ১ জুলাই বুধবার বিকাল সাড়ে ৫টায় শহরের রানী বাজার শাহী মসজিদ এলাকার বাতাসাপট্টি গলিতে রিক্তা ভবনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ভৈরব বাজার ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব বাজার ফায়ার স্টেশন অফিসার মো. আল আমিন।
স্থানীয় বাসিন্দা শাকিল মিয়া জানান, আমি বাসায় ছিলাম। সাড়ে ৫টায় হঠাৎ ধোঁয়া দেখে বিল্ডিং থেকে নেমে এসে প্রথমে গোডাউন মালিককে খবর দেয়। পরে তাঁর কাছ থেকে চাবি এনে গোডাউনের তালা খুলে স্থানীয়দের নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করি। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে তৎক্ষণাৎ পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে গোডাউন মালিক বাবুল মোল্লা বলেন, আমি বাজারের ভিতর ছাতার দোকান পরিচালনা করি। বাতাসা পট্টিতে আমার ছাতার গোডাউনে হঠাৎ আগুনের কথা শুনে দৌড়ে এসেছি। আগুনে আমার প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এ বিষয় ভৈরব বাজার ফায়ার স্টেশন অফিসার মো. আল আমিন বলেন, বিকাল পৌনে ৬টায় খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। ভৈরব বাজারে বুধবারের সাপ্তাহিক হাট বাজারের দিন। ভৈরবসহ আশপাশের জেলা উপজেলা থেকে কয়েক লক্ষাধিক মানুষ আসে। তাই ফুটপাত দখল থাকে। ঘটনাস্থলে আসতে বেগ পেতে হয়েছে। বুধবারে বাজারে আগুনলাগা আর অপর দিকে ফুটপাত দখল থাকায় ফায়ার সার্ভিস গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে সমস্যা হয়। এতে করে ভবিষ্যতে অনেক বড় ধরনের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভৈরবের নেতৃবৃন্দরা ও পৌর কর্তৃপক্ষ যদি সমন্বয় না করে ভবিষ্যতে ভৈরব বাজার অগ্নিকাণ্ডে ভয়াবহ ক্ষতির সম্মুখীন হবে।
তিনি আরো বলেন, ভৈরব বাজারে বেশির ভাগ আবাসিক এলাকায় বিভিন্ন ফ্যাক্টরি ও গোডাউন রয়েছে। এগুলোও কর্তৃপক্ষ সুদৃষ্টি না দিলে সাধারণ মানুষের জীবন হুমকির মুখে থাকবে।
ভৈরব ছাতার গোডাউনে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি
55 views
