# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদের পলেস্তারা খসে পড়ার পর এবার তাড়াইলে খুলে পড়লো শিলিং ফ্যান। ক্লাস চলাকালে ফ্যানটি খুলে পড়লেও অল্পের জন্য রক্ষা পেয়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। ২৯ জুন সোমাবার সকালে ঘটনাটি ঘটেছে তাড়াইল উপজেলার রাউতি ইউনিয়নের চিকনি আউজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
প্রধান শিক্ষক আবুল কাশেম জানিয়েছেন, সোমবার সকাল সাড়ে ১১টার দিকে বিদ্যালয়ের প্রথম শ্রেণির ক্লাস নিচ্ছিলেন একজন শিক্ষক। এমন সময় ছাদ থেকে হঠাৎ খসে পড়ে শিলিং ফ্যান। তবে ফ্যানটি শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝখানের ফাঁকা জায়গায় পড়ার কারণে বড় ধরনের অঘটন থেকে সবাই রক্ষা পেয়েছেন। এ ঘটনায় পুরো বিদ্যালয় জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তিনি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনামুল হককে ঘটনাটি অবহিত করেছেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনামুল হককে এ ব্যাপারে প্রশ্ন করলে বলেন, অফিস কক্ষসহ চার কক্ষের এক তলা বিদ্যালয় ভবনটি নির্মাণ করা হয়েছে ১৯৯৪ সালে। পুরো ভবনটিই এখন জরাজীর্ণ, ঝুঁকিপূর্ণ। এ ব্যাপারে যাথাযথ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন। আপাতত বিকল্প ব্যবস্থায় পাঠদানের কথা চিন্তা করা হচ্ছে।
এর আগে কোরবানির ঈদের ছুটিতে পকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের দক্ষিণ মাইজহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদের পলেস্তারার বড় বড় খণ্ড খসে পড়েছিল। ঈদের ছুটির পর বিদ্যালয় খুললে নাজুক অবস্থা দেখে বিদ্যালয় মাঠে ক্লাশ নেওয়ার ব্যবস্থা করা হয়।
তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা আক্তার জানিয়েছেন, ফ্যান খুলে পড়ার খবর পেয়ে তিনি বিদ্যালয় পরিদর্শন করেছেন। শিক্ষার্থীদের পাঠদান যেন ব্যাহত না হয়, সেই জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আপাতত ভবনের বাইরে বিকল্প ব্যবস্থা করে দিচ্ছেন। পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়েও নতুন ভবনের বিষয়ে লিখবেন বলে জানালেন।
এবার খুলে পড়লো স্কুলের শিলিং ফ্যান, অল্পে রক্ষা
49 views
