# দিলোয়ার হোসাইন :-
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুণধর ইউনিয়নের মরিচখালী বাজার এলাকায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে দুই রাজমিস্ত্রির শ্রমিককে মারধরের অভিযোগ উঠেছে। ২৫ জুন বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এতে আহত হন দুই শ্রমিক।
আহতরা হলেন, উপজেলার উরদিঘী গ্রামের সোহরাব মিয়ার ছেলে সাঈদ মিয়া (১৯) এবং পূর্ব খয়রত গ্রামের সিরাজ ব্যাপারীর ছেলে আল আমিন (৩৫)। তারা দুজনই রাজমিস্ত্রির শ্রমিক হিসেবে কাজ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মরিচখালী এলাকার আ. গণির ছেলে রফিকুল ইসলামের কাছে মোবাইল ফোন বন্ধক রেখে পাঁচ হাজার টাকা ধার নিয়েছিলেন সাঈদ মিয়া। নির্ধারিত সময়ে টাকা পরিশোধ করতে না পারায় তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাঈদকে ডেকে রফিকুল ইসলামের অফিসে নিয়ে ইট দিয়ে মারধর করা হয়। এতে তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে।
এদিকে, একই বিরোধের জেরে এর আগে আল আমিনকেও লোহার রড দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ করেছেন তিনি। এতে তাঁর পিঠে আঘাত লাগে।
স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত রফিকুল ইসলামের অফিসে নিয়মিত অনলাইন জুয়ার আসর বসে। সেখানে চোরাই মোবাইল ফোন কেনাবেচাও হয় বলে অভিযোগ রয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ২৬ জুন শুক্রবার রাতে রফিকুল ইসলাম বলেন, পাওনা টাকা পরিশোধে দেরি হওয়ায় ক্ষোভের বশে তাদের মারধর করেছি। এ সময় সংবাদটি প্রকাশ না করার জন্য তিনি সংবাদকর্মীকে হুমকি দেন বলেও অভিযোগ রয়েছে।
আহত সাঈদ মিয়া বলেন, এ ঘটনায় তিনি করিমগঞ্জ থানায় লিখিত অভিযোগ করবেন।
গুণধর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ছায়েম ভূঁইয়া রাসেল বলেন, পাওনা টাকা সংক্রান্ত বিরোধের জেরে মারধরের ঘটনা ঘটেছে বলে তিনি জেনেছেন।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, কিছুদিন আগে মরিচখালী এলাকা থেকে এক নারীর কাছ থেকে একটি চোরাই মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। ওই নারী পুলিশকে জানান, তাঁর স্বামী রফিকুল ইসলামের কাছ থেকে মোবাইলটি কিনেছিলেন। এ তথ্যের ভিত্তিতে তদন্তের অংশ হিসেবে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আলীম রফিকুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করলে তিনি অভিযোগ অস্বীকার করেন।
২৭ জুন শনিবার সকাল ১১টায় করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (চলতি দায়িত্ব) এসআই মো. রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পাওনা টাকা নিয়ে বিরোধ করিমগঞ্জে দুই শ্রমিককে পিটিয়ে আহতের অভিযোগ
74 views
