# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের অবহেলিত ও পশ্চাতপদ উপজেলা নিকলীতে বাল্যবিয়ে প্রতিরোধে নাটিকা, কুইজ, খেলা ও কিশোরীদের আত্মরক্ষায় মার্শাল আর্ট প্রদর্শন করা হয়েছে। গতকাল বুধবার দিনব্যাপী নিকলীর জেলা পরিষদ মিলনায়তন ও জিসি পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসব আনুষ্ঠানিকতার মধ্যে ছিল নিকলীর কেরাতে ক্লাবের কিশোরীদের মনোরম কেরাতে প্রদর্শনী। পাশাপাশি বাল্যবিয়ে ও নারী নির্যাতন বিরোধী সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে মানস করের পরিচালনায় একতা নাট্য গোষ্ঠীর নাটিকা ‘আমরা করবো জয়’ মঞ্চস্থ করা হয়। ছিল বাল্যবিয়ে সম্পর্কিত কুইজ ও বিভিন্ন ধরনের খেলা। এতে উপজেলার আটটি বিদ্যালয়ের ৩২০ জন শিক্ষার্থী অংশ নেয়।
বেসরকারি সংস্থা পপি ও মানুষের জন্য ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা করেন নিকলী মুক্তিযোদ্ধা আদর্শ সরকারি কলেজের অধ্যক্ষ মো. মোনাব্বির হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মো. শহীদুুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক আবির, পপির জ্যেষ্ঠ পরিচালক মো. মুজিবুর রহমান, উপজেলা নারী ও শিশু বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্ত, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আলতাফ হোসেন, জেলা মহিলা পরিষদ সভাপতি অ্যাডভোকেট মায়া ভৌমিক, সাধারণ সম্পাদক আতিয়া হোসেন, মানুষের জন্য ফাউন্ডেশন কর্মকর্তা সুলতানা জাহান, পপির জেলা সমন্বয়ক ফরিদুল আলম, দশম শ্রেণির ছাত্রী নাহিদা জুঁই প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষার্থীরা বাল্যবিয়ে ও নারী নির্যাতন প্রতিরোধে ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করে শপথ পাঠ করে। এসব অনুষ্ঠান বিপুল সংখ্যক শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক উপভোগ করেন।
কিশোরগঞ্জে বাল্যবিয়ে প্রতিরোধ নারীর ওপর হামলা মোকাবেলায় মার্শাল আর্ট উদ্বুদ্ধকরণ কর্মসূচী
121 views
