ভৈরবে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সেরা কমলপুর মোজাফ্ফর বেপারী সরকারি প্রাথমিক বিদ্যালয়

140 views

# নিজস্ব প্রতিবেদক :-
২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ভৈরব উপজেলায় অসাধারণ সাফল্য অর্জন করে সেরা শিক্ষা প্রতিষ্ঠানের গৌরব অর্জন করেছে কমলপুর মোজাফ্ফর বেপারী সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয় থেকে বৃত্তি পরীক্ষায় ৩৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে মোট ২১ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে; যার মধ্যে ১১ জন ট্যালেন্টপুল এবং ১০ জন সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করে।
১২ সেপ্টেম্বর শনিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার কে.এম মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।
অনুষ্ঠানে ভৈরব উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন ও ইবতেদায়ী বৃত্তি পরীক্ষায় সেরা হওয়া কমলপুর মোজাফ্ফর বেপারী সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এর হাত থেকে বিদ্যালয়ের সভাপতি এস.এম মঞ্জুরুল ইসলাম সবুজ শ্রেষ্ঠত্বের পুরস্কার গ্রহণ করেন। এ সময় বিভিন্ন বিদ্যালয়, কিন্ডারগার্টেন ও মাদ্রাসার ইবতেদায়ী থেকে বৃত্তিপ্রাপ্ত ১৬২ জন কৃতী শিক্ষার্থী প্রধান অতিথির কাছ থেকে সম্মাননা ক্রেস্ট, ফলজ ও বনজ গাছের চারা উপহার নেন।
উপজেলা শিল্পকলা একাডেমির আবৃত্তি প্রশিক্ষক ও শিক্ষিকা ফারহানা বেগম লিপির সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভৈরব সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু মুছা শেখ, উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ভিপি মো. মুজিবুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক ভিপি সাইফুল হক ও মোহাম্মদ নুরুজ্জামান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেন, শিক্ষা খাতের উন্নয়নে বর্তমান সরকার ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছে। ভৈরবের শিক্ষার্থীদের মেধা বিকাশে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করতে হবে, তবেই এখান থেকে আগামী দিনের যোগ্য সুনাগরিক তৈরি হবে।
পরিবেশ সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, সরকার সারা দেশে পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা গ্রহণ করেছে। শিক্ষার্থীদের উপহার দেওয়া গাছের পাশাপাশি বাড়ির আঙিনায় আরও অন্তত পাঁচটি করে গাছ লাগানোর জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান। একই সাথে, শিশুদের পড়াশোনার মানোন্নয়নে অভিভাবকদের আরও বেশি দায়িত্বশীল হওয়ার অনুরোধ জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *