# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে মাদক সেবনসহ বিক্রির অপরাধে ৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ৭ সেপ্টেম্বর সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার কে.এম মামুনুর রশীদ। এর আগে ৬ সেপ্টেম্বর রাতভর পৃথক অভিযান পরিচালনা করে বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে থানা পুলিশ সদস্যরা। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান।
ভ্রামমাণ আদালতের সাজা প্রাপ্তরা হলেন, উপজেলা শিবপুর ইউনিয়নের জামালপুর গ্রামের মৃত হিরাজ উদ্দিনের ছেলে মনির হোসেন (৪০), পৌর শহরের পঞ্চবটি এলাকার মৃত শাহাবুদ্দিনের ছেলে মো. মাসুম মিয়া (৪০), একই এলাকার মৃত আহম্মদ মিয়ার ছেলে আলম মিয়া ওরফে মাইগ্যা আলম (৩৮), ভৈরবপুর দক্ষিণ পাড়া এলাকার মৃত শাহিন মিয়ার ছেলে সাব্বির হোসেন, জেলার ইটনা চৌগাংগা এলাকার মৃত সঞ্জু মিয়ার ছেলে নাঈম মিয়া (২৮) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসির নগর থানার চাতলপার এলাকার মৃত মারফাজ মিয়ার ছেলে মারুফ মিয়া (২৩)।
থানা পুলিশ সূত্রে জানা যায়, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে পৌর শহরের পঞ্চবটি এলাকার যুব সমাজ ৬ সেপ্টেম্বর থানা পুলিশকে সাথে নিয়ে পঞ্চবটি এলাকার শীর্ষ মাদককারবারি ও একাধিক মামলার আসামি আলম মিয়া ওরফে মাইগ্যা আলমসহ তাঁর তিন সহযোগী মাসুম মিয়া, নাঈম মিয়া ও সাব্বিরকে আটক করে। এসময় তাদের কাছ থেকে মাদকসহ সেবনের বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। অপর দিকে উপজেলার জামালপুর এলাকা থেকে মাদকসেবী মনির হোসেনকে আটক করে স্থানীয় জনতা। পরে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করে। এছাড়াও চুরির অপরাধে একই ইউনিয়নের শম্ভুপুর রেল গেইট এলাকার বাসিন্দারা মারুফ মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করে। ৭ সেপ্টেম্বর দুপুরে তাদের উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এর কার্যালয়ে হাজির করলে মাদক সেবন ও বিক্রির অপরাধে মাইগ্যা আলমকে ১ বছর বিনাশ্রম কারাদণ্ড দেন। চুরির অপরাধে মারুফ মিয়াকেও ১ বছর কারাদণ্ড দেয়া হয়। অপর দিকে মাদকসেবী মনির হোসেন, মাসুম মিয়া, নাইম মিয়া ও সাব্বির মিয়াকে এই আইনে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বলেন, ভৈরব শহরের মাদক ছিনতাই ও চুরি প্রতিরোধে পুলিশ জিরো টলারেন্স নীতিতে এগিয়ে যাচ্ছে। ভ্রাম্যমাণ আদালতে ৬ জনকে বিভিন্ন মেয়াদের সাজা শেষে কারাগারে পাঠানো হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
ভৈরবে মাদক সেবনসহ বিক্রির অপরাধে ৬ জনকে বিভিন্ন মেয়াদে ভ্রাম্যমাণ আদালতে সাজা
54 views
