# সারোয়ার হোসেন শাহীন :-
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় অবস্থিত কটিয়াদী শাহীন বৃত্তি ও ক্যাডেট একাডেমি নামের একটি বেসরকারি কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক মীর মুর্শেদ এবং তাঁর স্ত্রী, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা ইমরানা আহমেদের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, অতিরিক্ত অর্থ আদায় ও নানা অনিয়ম-দুর্নীতির গুরুতর অভিযোগ উঠেছে।
দীর্ঘদিন ধরে স্থানীয় অভিভাবকদের মধ্যে এ নিয়ে ক্ষোভ জমতে থাকলেও সম্প্রতি তা প্রকাশ্য রূপ নিয়েছে।
অভিভাবকদের অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের কাছ থেকে নানা কৌশলে অতিরিক্ত ফি আদায় করে আসছে। এর মধ্যে মাসে একাধিকবার স্কুল পার্টির অজুহাতে জোরপূর্বক টাকা নেওয়া, অতিরিক্ত দামে বই-খাতা ক্রয়ে বাধ্য করা এবং প্রশাসনিক বলপ্রয়োগের মাধ্যমে বিভিন্ন ফান্ড তৈরির নামে টাকা আদায়ের ঘটনা নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে।
অভিযোগের ভিত্তিতে গত ১৯ আগস্ট বুধবার এক অভিভাবক কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আফরোজ মারলিজের কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মোট ১৭টি অনিয়মের বিষয় উল্লেখ করা হয়েছে।
ইউএনও কার্যালয় সূত্রে জানা গেছে, লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আফরোজ মারলিজ জানান, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
কটিয়াদীতে শাহীন ক্যাডেট একাডেমীর বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ
111 views
