ভৈরবে বাজারের নামকরণ নিয়ে সংঘর্ষে দুইজন নিহতের ঘটনায় গ্রেপ্তার-১

14 views

# এম.আর রুবেল :-
কিশোরগঞ্জের ভৈরবে বাজারের নামকরণকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে দুইজন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি রুবেল মিয়াকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। ২ আগস্ট রোববার ভোররাতে বাজিতপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রুবেল মিয়া ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আকবরনগর গ্রামের আক্তার মিয়ার ছেলে।
উল্লেখ্য, গত ২৭ জুলাই আকবরনগর ও মিরারচর গ্রামের বাসিন্দাদের মধ্যে বাজারের নামকরণকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মিরারচর গ্রামের মাসুদ ও হিরণ মিয়া বল্লমের আঘাতে নিহত হন। পরে ময়নাতদন্ত শেষে পরদিন মঙ্গলবার তাদের মরদেহ দাফন করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দাফন শেষে উত্তেজিত কিছু লোক আকবরনগর গ্রামের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এরপর থেকে কয়েকদিন ধরে বিচ্ছিন্নভাবে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটছে বলে অভিযোগ রয়েছে। সংঘর্ষের পর নিরাপত্তাজনিত কারণে আকবরনগর গ্রামের অনেক বাসিন্দা বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে যান। ফলে গ্রামটির বেশ কিছু বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে বলে স্থানীয়রা দাবি করেছেন।
এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, বাজারের নামকরণ নিয়ে সংঘর্ষে দুইজন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি রুবেল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *