কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি হাবিবুর রহমান

7 views

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. হাবিবুর রহমান। তাঁকে ২৭ জুলাই সোমবার নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো. ইমান আলী। তিনি পূর্ববর্তী উপাচার্য অধ্যাপক ড. দীলিপ কুমার বড়ুয়ার স্থলাভিষিক্ত হলেন।
অধ্যাপক ইমান আলী জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়সমূহের চ্যান্সেলর সোমবার নতুন উপাচার্য নিয়োগ দেওয়ার পর তিনি ইতোমধ্যে যোগদানও করেছেন। পূর্ববর্তী উপাচার্য অধ্যাপক ড. দীলিপ কুমার বড়ুয়া এসেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগ থেকে। তিনি আবার পূর্বের কর্মস্থলে ফিরে গেছেন বলেও জানিয়েছেন ট্রেজারার ইমান আলী। এছাড়া নতুন উপ-উপাচার্য এবং নতুন ট্রেজারারও নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ট্রেজারার ইমান আলী।
বিশ্ববিদ্যালয়টি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় নামে প্রতিষ্ঠা হয়েছিল ২০২১ সালে। আর শিক্ষা কার্যক্রম শুরু হয়েছিল ২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে। চব্বিশের গণঅভুত্থানের পর বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে রাখা হয়েছে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়। গণিত, ইংরেজি, হিসাব বিজ্ঞান ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ নিয়ে চলছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *