পার্লামেন্টে ঢোকার আগে ডোপ টেস্ট করতে হবে ……… পাটোয়ারী

7 views

# নিজস্ব প্রতিবেদক :-
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালন উপলক্ষে কিশোরগঞ্জের তাড়াইলে এক পথসভায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী অনেক এমপি মদের বারে বসেন বলে অভিযোগ করেছেন। তিনি বলেছেন, পার্লামেন্টে ঢোকার আগে এসব এমপিদের ডোপ টেস্ট করতে হবে। ডোপ টেস্টে চিহ্নিত করা গেলে বাংলাদেশ মাদকের কড়াল গ্রাস থেকে রক্ষা পাবে। তিনি বলেছেন, সংসদে আইন হয়েছে, মাদকের জন্য মৃত্যুদণ্ড হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গাড়িতেই মাদক পাওয়া যায়।
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ২৭ জুলাই সোমবার বিকালে তাড়াইল উপজেলা সদরের সিএনজি স্ট্যান্ডে অনুষ্ঠিত ‘বিচার, সংস্কার ও দেশ পুনর্গঠনের লক্ষ্যে জুলাই জাগরণ’ নামে এনসিপির পথসভায় নাসির উদ্দিন পাটোয়ারি এসব কথা বলেন।
তিনি আরও বলেছেন, তারেক রহমান পড়েছেন সালাহ উদ্দিনের খপ্পরে। আগের কালে কিছু অশিক্ষিত রাজা হইতো। কিছু জিজ্ঞাসা করলে ডানে তাকিয়ে বলতো কী বলবো, বামে তাকিয়ে বলতো কী বলবো। এখন তারেক রহমানকে কিছু জিজ্ঞাসা করলে ডানে তাকায় সালাহ উদ্দিনের দিকে, কী বলবো। আবার বামে তাকায়, কী বলবো। আপানি বাঘের বাচ্চা। আপনার বাবা ভারতের বিরদ্ধে দাঁড়িয়েছিলেন। আপনার মা ভারতের বিরদ্ধে দাঁড়িয়েছিলেন। আপনার শরীরে খালেদা জিয়ার রক্ত। আপনাকে অনেকে উল্টাপাল্ট কথা বলে ভারতের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আমরা আপানাকে সাবধান করে দিচ্ছি, যদি ভারতের সাথে কোন চুক্তি করেন, আমরা আপনাকে আসসালু আলাইকুম বলবো।’ তিনি বলেছেন, কিশোরগঞ্জের নাম শুনলেই একটা দুষ্টু লোকের নাম সবার মনে পড়ে, ফজু পাগলা। তাকে আওয়ামী দোসর আখ্যা দিয়ে তারেক রহমানের প্রতি আহবান জানিয়েছেন, দল থেকে দূর করে দেওয়ার জন্য। নাসির উদ্দিন পাটোয়ারি আরও বলেন, ঢাকা শহরে খোকা বাহিনী আর আব্বাস বাহিনীর মধ্যে এত মারামারি হতো, শুধু লাশ পড়তো। খোকা সাহেব মারা গেছেন। এখন এক সন্ত্রাসী আছে আব্বাস বাহিনী। তারা এখন খোকা সাহেবের ছেলে ইশরাক হোসেনকে ডিস্টার্ব করে। শেখ হাসিনার দেশে আসার ঘোষণা প্রসঙ্গে তিনি বলেন, সব জায়গায় গরুর লম্বা দড়ি রেডি আছে। তিনি যেখানেই নামবেন, সেখানেই তাৎক্ষণিক ফাঁসি কার্যকর করা হবে, বিলম্ব হবে না।
এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, গণভোট নাকি অসাংবিধানিক। গণভোট অবৈধ হলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদও অবৈধ, প্রধানমন্ত্রী তারেক রহমানও অবৈধ। তিনি বলেন, বিএনপি আবার আওয়ামী লীগের মত বিভিন্ন প্রতিষ্ঠানকে দলীয় প্রতিষ্ঠান বানানোর চেষ্টা করছে। তিনি তাড়াইলে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেনকে বিজয়ী করার জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন।
দলের জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আসন্ন তাড়াইল উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ইকরাম হোসেনের সভাপতিত্বে অপর সাংগঠনিক সম্পাদক ফয়সাল প্রিন্সের সঞ্চালনায় পথসভায় আরও বক্তব্য রাখেন দলের কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ, জাতীয় কৃষক শক্তির আহবায়ক আবু সাঈদ উজ্জ্বল, দলের ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *