মেজর আখতারুজ্জামানের ব্যবসাপ্রতিষ্ঠানের ম্যানেজার আমিনুল ইসলাম গ্রেপ্তার

45 views

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ-২ আসনের বিএনপি দলীয় সাবেক এমপি বর্তমানে জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ব্যবসাপ্রতিষ্ঠানের ম্যানেজার আমিনুল ইসলামকে কটিয়াদী থানা পুলিশ গ্রেপ্তার করেছে। তাঁর বিরুদ্ধে গুলশান থানায় ঋণ খেলাপের দু’টি মামলায় ঢাকার ষষ্ঠ যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে সাজা হলে পলাতক অবস্থায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। পরোয়ানার দু’টি কপি কটিয়াদী থানায় আসলে বৃহস্পতিবার রাতে তাকে উপজেলার করগাঁও ইউনিয়নের ভাট্টা গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম। ১০ জুলাই শুক্রবার তাকে কিশোরগঞ্জের আদালতে সোপর্দ করা হয়েছে। তবে আখতারুজ্জামান জানালেন, এই ঋণ আমিনুলের ব্যক্তিগত।
ওসি জানান, আমিনুল ইসলাম মেজর আখতারুজ্জামানের গচিহাটা অ্যাকুয়াকালচার ফার্মস লিমিটেডের ম্যানেজার বলে তিনি জেনেছন। তাঁর বিরুদ্ধে গুলশান থানায় তিন কোটি ৩০ লক্ষ টাকার দু’টি মামলা ছিল। একটি দুই কোটি ২০ লক্ষ টাকার, অপরটি এক কোটি ১০ লক্ষ টাকার। দু’টি মামলায় তাঁর অনুপস্থিতিতে এক বছর করে সাজা হলে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল।
এ ব্যাপারে ফোন করলে মেজর (অব.) আখতারুজ্জামান বলেন, আমিনুল ইসলাম তাঁর বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে কাজ করেন। তবে তিন কোটি ৩০ লক্ষ টাকার ঋণ কটিয়াদী উপজেলার গটিহাটা এলাকার আমিনুলের নিজস্ব ফার্মের নামে ছিল। এর সাথে আখতারুজ্জামানের কোন সম্পর্ক নেই। তাঁর পরও যেহেতু এক সাথে কাজ করেন, সেই কারণে আমিনুল ইসলামের দায় তাঁরও দায় বলে মনে করেন আখতারুজ্জামান। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে উদ্দেশ্যমূলকভাবে মামলাটি করা হয়েছিল। বিষয়টি তাঁরও জানা ছিল না বলে মন্তব্য করেন। তবে এখন আমিনুল ইসলামকে দায় থেকে মুক্ত করার জন্য তিনি চেষ্টা করবেন বলে জানালেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *