# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে বেড়ে যাওয়া ছিনতাই প্রতিরোধে রেলওয়ে স্টেশন রোডে পুলিশ বুথ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে পৌর প্রশাসন। ৯ জুলাই বৃহস্পতিবার দুপুরে শহরের চিহ্নিত ছিনতাইপ্রবণ এলাকা রেলওয়ে স্টেশন রোডে বুথ নির্মাণের জায়গা নির্ধারণী স্থান পরিদর্শন করেন, পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার কে.এম মামুনুর রশীদ।
এসময় জায়গা নির্ধারণ করতে পরিদর্শনে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাজমুস সাকিব, ভৈরব সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু মুছা শেখ, ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) লিমন বোস, পৌর নির্বাহী প্রকৌশলী আরিফ সারোয়ার বাতেন প্রমুখ।
এ বিষয়ে ভৈরব সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু মুছা শেখ বলেন, ভৈরব শহর ছিনতাইপ্রবণ এলাকা। ইদানীং শহরে চুরি ও ছিনতাই কমে এসেছে। তবে ভৈরবের বিভিন্ন ছিনতাইপ্রবণ এলাকায় পুলিশ বুথ নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। প্রতিদিন রাত ৮টা থেকে সকাল ৮টা পর্যন্ত ৪ জন পুলিশ সদস্য বুথে ডিউটি করবেন বলে জানান তিনি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার কে.এম মামুনুর রশীদ বলেন, ভৈরবে ছিনতাইকারী প্রবণতা অনেক বেশি। মানুষের কাছ থেকে ছিনতাইকারীরা শুধু ছিনিয়ে নেয় না তারা ছুরিকাঘাত করে রক্তাক্ত করে সর্বসাধারণের কাছ থেকে সর্বস্ব ছিনিয়ে নেয়। ভৈরববাসীর দীর্ঘদিনের দাবি ছিনতাইপ্রবণ এলাকাগুলোতে পুলিশ বুথ নির্মাণ করা। ভৈরব পৌর প্রশাসনের উদ্যোগে প্রাথমিকভাবে রেলওয়ে স্টেশন এলাকায় এটি পুলিশ বুথ নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। বৃহস্পতিবার জায়গা নির্ধারণের জন্য পরিদর্শন করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে পুলিশ বুথ নির্মাণ করা হবে। একটি স্থায়ী পুলিশ বুথ নির্মাণ হলে রেলওয়ে স্টেশন রোড এলাকায় ছিনতাই অনেকাংশে কমে আসবে। এছাড়াও শহরের ছিনতাইপ্রবণ এলাকা গুলোতে বেশ কয়েকটি পুলিশ বুথ নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে বলে জানান তিনি।
ভৈরবে ছিনতাই প্রতিরোধে রেলওয়ে স্টেশন রোডে পুলিশ বুথ নির্মাণের উদ্যোগ
126 views
