ফেসবুকে তীব্র সমালোচনা, মিঠামইনে জাহাঙ্গীর হত্যাকাণ্ডে ফেঁসে যাচ্ছে আওয়ামী লীগ নেতা নুরুর স্ত্রী আবেদা

35 views

# মোক্তার হোসেন গোলাপ :-
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ডের ঘটনায় পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার ঝড় উঠেছে। ফেসবুকে ভাইরাল বিভিন্ন পোস্ট ও কমেন্টে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
অভিযোগে প্রকাশ, এই হত্যাকাণ্ডের পেছনে পরিকল্পনা ও মদদদাতা হিসেবে মিঠামইন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত আব্দুল হক নুরুর স্ত্রী আবেদা জাহান লাভলীর নাম উঠে এসেছে। তিনি মিঠামইন তমিজা খাতুন সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক। জাহাঙ্গীর হত্যাকাণ্ডের আগে ভাড়াটে খুনিরা আবেদা জাহানের ছত্রছায়ায় ওই বিদ্যালয়ে কয়েকদিন অবস্থান করেছিল বলে স্থানীয়রা জানিয়েছেন। এদিকে গোপদিঘি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল হক বাচ্চুসহ বেশ কয়েকজনের নাম উঠে এসেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টগুলোতে তাদের এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত করা হচ্ছে।
গত কয়েকদিন ধরে ফেসবুকে এ সংক্রান্ত অসংখ্য পোস্ট, শেয়ার ও কমেন্ট ঘুরপাক খাচ্ছে। নেটিজেনদের একটি অংশ লিখেছেন, কোনো প্রভাব খাটিয়ে লাভ নেই, নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষীদের অবিলম্বে আইনের আওতায় আনতে হবে। অনেকেই আবার সরাসরি আবেদা জাহান লাভলী ও নুরুল হক বাচ্চুর নাম উল্লেখ করে দ্রুত গ্রেপ্তারের দাবি তুলেছেন।
স্থানীয় বিএনপি নেতাকর্মীদের দাবি, দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিহিংসার কারণেই পরিকল্পিতভাবে জাহাঙ্গীরকে হত্যা করা হয়েছে। তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে আইন প্রয়োগকারী সংস্থার দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে মিঠামইন থানা অফিসার ইনচার্জ (ওসি) জানান, জাহাঙ্গীর হত্যা মামলাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। সামাজিক মাধ্যমে যে সকল তথ্য ও অভিযোগ উঠে আসছে, সেগুলোও আমরা যাচাই-বাছাই করে দেখছি। তবে তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত কিছু বলা সম্ভব হচ্ছে না।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসন সূত্রে জানানো হয়েছে, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কোনো গুজবে কান না দিয়ে সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতেই তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে। তদন্তে যাদের নামই আসুক না কেন, দোষী প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *